গাজীপুরের টঙ্গীতে ময়লার স্তুপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নবজাতক শিশুটিকে স্থানীয় বাসিন্দা মনিরা আক্তারের জিম্মায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা মরকুন মধ্যপাড়া জনৈক মাইজুদ্দিনের বাড়ির সামনে ময়লার স্তুপে শিশুটিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১–২ দিন। তবে কে বা কারা শিশুটিকে ময়লার স্তুপে ফেলে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আশেপাশের হাসপাতাল, ক্লিনিক এবং মাতৃসদনগুলোতে খোঁজ নেওয়া হলেও শিশুটির পরিচয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, “বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। খবর নিয়ে দেখা হচ্ছে।”







