নারায়ণগঞ্জ ।
,

গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি, স্বাভাবিক মহাসড়কে যান চলাচল

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সকাল থেকে মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ২০ থেকে ৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শিল্প পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন নয়া দিগন্তকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় কলম্বিয়া গার্মেন্টস কারখানার সামনে, একই মহাসড়কের সালনা এলাকায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে সড়কের পাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দেয়। কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার পরও কেন বেরিয়ে আসছেন, তা এখনো স্পষ্ট নয়।’

শিল্প পুলিশ সুপার বলেন, ‘‘আগের দিনগুলোর তুলনায় বৃহস্পতিবার সকালে সার্বিক পরিস্থিতি ভালো ও স্বাভাবিক রয়েছে। গাজীপুরের সব সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে।’

গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। মজুরি বোর্ডের নির্ধারিত ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে আসছেন। বুধবার বিভিন্ন এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও কয়েকটি কারখানায় শ্রমিকদের কাজে যোগ না দেয়া এবং কারখানা থেকে বেরিয়ে আসার প্রবণতা অব্যাহত রয়েছে। শিল্প পুলিশের নজরদারি ও নিরাপত্তা তৎপরতার মধ্যে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

একই সাথে আওয়ামী নাশকতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে দেখা গেছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনকে টঙ্গীর গাজীপুরা গার্মেন্টস পল্লীতে দলবদ্ধভাবে পাহারা দিতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >