নারায়ণগঞ্জ ।
,

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার সামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার, শোহিবা আক্তার ও কলেজ শাখার প্রভাষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল বলেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পথচলার শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে। এই পর্যায় শেষ করে তারা জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তাদের এই বিদায় মানে শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন যাত্রার সূচনা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানিয়ে পাভেল বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় আন্তরিকভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক রিপা আক্তার, তানিয়া ইসলাম মুনা, রিফাত সুলতানা, সাদিয়া আফরিন, তাহরিম আরবী, উমা রাণী বর্মন, আলভী কবির ও অনন্যা মল্লিক বৃষ্টিসহ সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >