মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক অভিভাবকের করা রিটে প্রাথমিক শুনানির পর সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। শিক্ষা সচিব ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যাানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪ কার্যকর হচ্ছে না। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আল আসমাউল হুসনা।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ কালের কণ্ঠকে বলেন, ‘এ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সরকার দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করেছে।এর ফলে অনির্বাচিত ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল-কলেজ পরিচালিত হবে। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’



