নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমিরটির নতুন ঠিকানা এখন গাজীপুর সাফারি পার্ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের কর্মকর্তারা কুমিরটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন যাবৎ একটি কুমির দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটিকে ধরা হয়। কুমিরটির দৈর্ঘ্য আট ফুট।
তিনি আরো জানান, মিঠা পানির কুমির সাধারণত লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়।তাদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রঙ জলপাই বাদামী বা ধূসর হয়। এরা মাংসাশী, মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি পোকামাকড় ও ছোটপ্রাণী শিকার করে।

মিঠা পানির কুমির লাজুক স্বভাবের হয় এবং বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপদজনক নয়।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা (চলতি দায়িত্বে) বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠা পানির একটি কুমির উদ্ধার করে বৃহস্পতিবার রাতে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিরটি পার্কে হস্তান্তর করা হয়। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।’



