পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। বর্তমানে জেলা হাসপাতালসহ ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯১ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১০ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন। এর মধ্যে পিরোজপুর জেলা হাসপাতালে ৬৮ জন, নাজিরপুরে ৩১ জন, নেছারাবাদে ২৮ জন, ভান্ডারিয়ায় ৩১ জন, কাউখালীতে ১০ জন এবং মঠবাড়িয়ায় ২ জন এবং জিয়ানগরে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এবছর একজন নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
১০০ শয্যার পিরোজপুর জেলা হাসপাতালের প্রায় ২৫০ এর বেশি রোগী ভর্তি থাকায় সীমিত জায়গার কারণে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তবে জেলা হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু ওয়ার্ড চালু করায় খুশি রোগী ও স্বজনরা।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্ণার করা হয়েছে। এছাড়াও ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন হলে খুব শীঘ্রই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।





