ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করে।
এর কয়েক ঘণ্টার ব্যবধানেই একই এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। দুপুর ১২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে গাড়িটির ভেতর থেকে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মোঃ কালাম মিয়ার ছেলে মোঃ রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার রজব আলীর ছেলে মোঃ রুহুল আমিন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।




