নারায়ণগঞ্জ ।
,

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম সেপ্টেম্বরে এক লাফে অনেকখানি বাড়ানোর পর অক্টোবরে অপরিবর্তিত রাখার কথা বলেছে সরকার।

ফলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে অক্টোবরের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ অক্টোবর থেকেও কার্যকর থাকবে।

এর আগে ২০ সেপ্টেম্বর সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে একই কারণে সংকটের সময় ১৮ এপ্রিল এক লাফে জ্বালানি তেলের দাম অনেকখানি বাড়ায় সরকার।

তখন ডিজেল ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়।

মার্চে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

আবার জুনে কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়। তখন ডিজেল ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়। এরপর জুলাই, অগাস্টে সেই দাম বহাল ছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির বলছে, মার্চ থেকে অগাস্ট পর্যন্ত জ্বালানি তেল বিক্রিতে তাদের ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

সেপ্টেম্বরে দাম বাড়ানোর পর বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে সরকার মনে করছে।

সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে। তবে সাম্প্রতিক কয়েক মাস ওই পদ্ধতিতে নিয়মিত মূল্য সমন্বয় করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >