রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বুধবার এ আদেশ দেন।
এর আগে রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বলেন, “আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।”
রাষ্ট্রদ্রোহ মামলায় গত বৃহস্পতিবার রাকিবুল হাসানের পাঁচদিন এবং সোমবার দুই দিনের রিমান্ড দেয় আদালত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের নামে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাসহ নানা বিষয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।
যদিও ছড়িয়ে পড়া অডিওটির কণ্ঠ ওসি রাকিবুলের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।




