হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে এমিরেটসের ইকে০৫৮৪ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়।
বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকায় অবশিষ্ট ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটে আসা আরেক যাত্রীর ব্যাগেজ গ্রিন চ্যানেলে স্ক্যান করা হলে ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পরে সেগুলোও আটক করা হয়।
সিআইআইডির তথ্যমতে, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
সিআইআইডি জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



