নারায়ণগঞ্জ ।
,

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংবাদিক ইলিয়াসের

সাময়িকভাবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন। বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন পুনর্বহাল হওয়ায় আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলা এডিশনের সম্পাদক ইলিয়াস হোসাইন। রবিবার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের আগের স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে। পরে নিবন্ধন ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো।

নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলা এডিশনের সম্পাদক ইলিয়াস হোসাইন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘আঁধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেলো আপনাদের ভালোবাসার বাংলা এডিশন, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা অনেকের প্রতি যাদের অনেকের নামও বলা নিষেধ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার সম্মতির জন্য ধন্যবাদ। সবার প্রতিদান ফিরিয়ে দেয়া হবে। কঠিন সময়েও যারা সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। সত্যের বিজয় হয়েছে, আহায় মানুষের পাশে ছিলাম, আছি থাকবো, ইনশাআল্লাহ্।’

এর আগে, ১৬ জুলাই ২০২৫-এ, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি পর্যায়ের ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে, যাত্রার মাত্র কয়েক মাসের মধ্যেই আসে বড় ধাক্কা। তৎকালীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাময়িকভাবে বাতিল হয় বাংলা এডিশনের নিবন্ধন।

বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন ফিরে পাওয়ায় আবারও সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন। নিবন্ধন ফিরে পাওয়ার পর, অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পোর্টালটির কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >