নারায়ণগঞ্জ ।
,

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে ডিসি কার্যালয়ে মেয়ে

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দিপাবলি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনপত্র জমা দেন। জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মায়ের জন্য চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে দেখা করতে দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন। পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দ্রুত গাড়িতে ওঠেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

এদিকে, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনো কোনো আবেদন পাননি। তার পক্ষে কেউ কারাগারে আবেদন নিয়ে আসেননি বলেও জানান তিনি। তবে আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >