নারায়ণগঞ্জ ।
,

পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে বালুবাহী ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা ৫ জন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে বালুবাহী একটি ট্রলার (বাল্কহেড) ডুবে গেছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা চালকসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বালু বোঝাই ট্রলারটি হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটির বেশিরভাগ অংশ পানির নিচে চলে যায়। এ দৃশ্য নদীর তীরে থাকা শত শত মানুষ প্রত্যক্ষ করেন।

এ সময় ট্রলারের চালক ও তাঁর সঙ্গে থাকা চারজন পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে নিরাপদ স্থানে চলে আসেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

স্থানীয়দের ধারণা, গত কয়েকদিনে পদ্মা নদীতে পানির প্রবাহ ও স্রোত বেড়েছে। এর মধ্যে ট্রলারে অতিরিক্ত বালু বোঝাই থাকায় ভারসাম্য নষ্ট হয়ে সেটি ডুবে যেতে পারে। তবে ট্রলারে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রলারটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও প্রয়োজনীয় উদ্ধারকাজ পরিচালনা করলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পাবনার মাসুদ নামের এক ব্যক্তি ট্রলারটি ভাড়া নিয়ে পদ্মা নদীতে বালু পরিবহনের ব্যবসা করতেন। তবে ট্রলারটির প্রকৃত মালিক কে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচে বালুবাহী ট্রলার ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নদীর তীরে ঘটনাস্থলে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >