হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের সময় হাতেনাতে আটক মো. জয়নাল মিয়া (৩২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত জয়নাল মিয়া পূর্ব বড়াইল গ্রামের সোনাই মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় জয়নাল মিয়াকে আটক করে পুলিশ।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্ত জয়নাল মিয়াকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




