অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো। শনিবার (১৫ আগস্ট) অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধপ্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে আবেদন iBAS++ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
শিক্ষক-শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ ০৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে।
এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ আরও অনেকে।




