মুন্সীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং এসব কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বিদ্যুৎ সংকটের কারণে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিভিন্ন সময়ে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ লোডশেডিং হচ্ছে। এতে জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিভিত্তিক কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
বিশেষ করে আলু সংরক্ষণের জন্য জেলার ৬০টি কোল্ড স্টোরেজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার শিল্পখাতের বিদ্যুৎ চাহিদার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।




