নারায়ণগঞ্জ ।
,

মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক

ভোলার মনপুরায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নিজাম মিয়ার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরার একটি দল নিজাম মিয়ার ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—বগুড়া জেলার নয়া মিয়া (৫০), পিতা অফেজ উদ্দিন; মো. ইসমাঈল (৫২), পিতা মৃত আবদুল ওয়াজেদ; মো. শক্কুর আলী (২২), পিতা তোতা মিয়া; মো. হাসান (৩২), পিতা মো. ইসমাঈল এবং মো. কায়েম মোল্লা (৪০), পিতা মো. সিদ্দিকুর মোল্লা।


কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ে। এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে পরিবেশ ও জনজীবনের ক্ষতি রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >