পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, দোরোখিন সের্গেই এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকালে কর্মস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।




