ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বাধীন একটি দল রাত সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আক্কাস আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
একই সময়ে এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি দল সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. বখতিয়ার গালীব (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া স্থান থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির অপর একটি দল আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমান টুটুল (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




