কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের হাতে আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৩)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে চোরাচালানের উদ্দেশ্যে কয়েকজন সীমান্ত পিলার ৯৮৮-এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় তারা বিএসএফের সামনে পড়ে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




