নারায়ণগঞ্জ ।
,

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

রংপুরের পীরগাছায় মনোয়ারুল বকসি (৩০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে থানা ঘেরাও করেছেন তার স্বজনরা।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে স্বজনরা মরদেহ নিয়ে পীরগাছা থানার সামনে অবস্থান নেন। পরে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহত মনোয়ারুল বকসি ঢাকার সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকসির ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই পীরগাছা উপজেলার এক কিশোরী (১৫) নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, অভিযান চলাকালে তারা জানতে পারে ভবনের ছাদ থেকে কেউ নিচে পড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে মনোয়ারুল বকসিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নিহতের স্বজনদের অভিযোগ, মনোয়ারুলের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছিলেন। তাদের দাবি, উদ্ধার অভিযানের সময় মনোয়ারুলকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

নিহতের স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ঘটনার সুষ্ঠু বিচার আইনগতভাবে নিশ্চিত করতে হবে।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, নিহতের স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >