নারায়ণগঞ্জ ।
,

ঘাসের বোঝা নিয়ে মহাসড়ক পার, বাসচাপায় প্রাণ গেল কৃষকের

নীলফামারীর সৈয়দপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলার বসুনিয়া মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার দুপুরে ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল লতিফ। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বাহন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >