চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তার বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকায়।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের দাবি, মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ থেকে গুলিবর্ষণ শুরু হলে তিনজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’






