বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হচ্ছে। একই দিনে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ও তাজভিদ দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।
বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যা এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের বাকি পরীক্ষাগুলোও স্থগিত করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।





