নারায়ণগঞ্জ ।
,

সড়ক প্রশস্ত হলেও কমেনি তীব্র যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার বটতলী মোটরস্টেশনের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য হকারের দোকান। পাশাপাশি রয়েছে অবৈধ সিএনজি অটোরিকশা ও লেগুনার স্ট্যান্ড।

এ ছাড়া লোহাগাড়া মহাসড়ক ঘেঁষে একাধিক হাটবাজার। ঠাকুরদিঘী, পদুয়া, বটতলী স্টেশন ও চুনতি এলাকায় দুই পাশে বসে হাট। একদিকে লোহাগাড়া স্টেশনে যানজটের তীব্রতা। অন্যদিকে উপজেলার আরো কয়েকটি স্টেশনে মহাসড়ক ঘেঁষে হাটবাজারের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

লোহাগাড়ার মহাসড়কে অবাধে চলাচল করছে লেগুনা, ম্যাজিক, থ্রি-হুইলার, টমটম, নছিমন, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের অবৈধ তিন চাকার যানবাহন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়ির বৈধ কাগজপত্র নেই বলেও অভিযোগ রয়েছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এসব কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের।

লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামান বলেন, রাস্তার দুই পাশে কোথাও ৬ ইঞ্চি আবার কোথাও ১২ ইঞ্চি অসমতল থাকায় গাড়ি ডানে বা বামে চাকা নামাতে পারে না। এ ছাড়া স্থানীয় পরিবহনগুলো যেখানে-সেখানে দাঁড়ানো এবং সপ্তাহে দুটি গরুর হাট বসার কারণে যানজট সৃষ্টি হয়। গরু ওঠানোর জন্য মহাসড়কে নিয়ে আসায়ও যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমিরাবাদ থেকে পদুয়া চার কিলোমিটার দূরে হওয়ায় লোকবল সংকটের কারণে সেখানে যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে লোহাগাড়ায় প্রায় যানজট নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনের আইস পার্ক ও এমদাদিয়া মার্কেটের সামনে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা ও লেগুনার স্ট্যান্ড। এসব গাড়ি আইস পার্ক থেকে চকরিয়া এবং এমদাদিয়া মার্কেট থেকে কেরানীহাট পর্যন্ত যাত্রী পরিবহন করছে। এ ছাড়া আধুনগর, পদুয়া ও চুনতি বাজারেও মহাসড়কে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড।

সংশ্লিষ্টরা জানান, দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক ও উপসড়কে লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাসহ প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়কে সিএনজি অটোরিকশা, লেগুনা, ভটভটি, ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল দণ্ডনীয় অপরাধ। তবে আইন অমান্য করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে প্রতিদিন কমপক্ষে ৪০০ থেকে ৫০০ সিএনজি অটোরিকশা চলাচল করছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা, লেগুনা, ভটভটি ও ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশসহ চন্দনাইশ ও সাতকানিয়ায় নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >