টেকনাফ উপজেলার ৪ ইউনিয়ন বিভক্তি উপলক্ষে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গণ শুনানির দিনে কান্জরপাড়া ইউনিয়ন পরিষদে ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে উপজেলা সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পরিষদ ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।
২৩ জুলাই বিকেল ৩টায় টেকনাফ উপজেলার কান্জরপাড়াস্থ হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। টেকনাফ
বিএনপি, যুবদল, ছাত্রদল ও অবরোধের পক্ষে সংহতি প্রকাশ করেন।
বিক্ষুব্ধ জনতার পক্ষে সংহতি প্রকাশ করে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির নেতা জুনায়েদ আলী চৌধুরী বলেন, শান্তিপূর্ণ গণশুনানির অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগসহ কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গনী বলেন, যারা সরকারি স্থাপনা ভাঙচুর ও বিএনপি যুবদল, মহিলা দল নেতৃবৃন্দের উপর হামলা করেছে তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সড়ক অবরোধের ফলে দুদিকে শত শত গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে ও ব্যর্থ হয়। অবশেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনীক চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং দাবি মানার আশ্বাস দেন।
পরে বিক্ষুব্ধ জনতা ইউএনওর আশ্বাসে সন্ধ্যা ৭টায় সড়ক অবরোধ তুলে নেন।







