নারায়ণগঞ্জ ।
,

রেলস্টেশনে হামলার শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা মারা গেছেন

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুগেরও বেশি আগে এক দুপুরে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বৃদ্ধা ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়। পরে মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্টেশন ও আশপাশের মানুষ এবং যাত্রীরা তাকে খাবার ও সামান্য আর্থিক সহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি খরচ না করে ২০ থেকে ২৫ বছর ধরে জমিয়ে রেখেছিলেন। আর সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে নেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >