১৫ বছরের কম বয়সি শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট । ইউরোপে এ ধরনের আইন প্রণয়নকারী প্রথম দেশ হলো ফ্রান্স। আইনটি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। সেই সঙ্গে দেশটির হাইস্কুলেও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগে পাস হওয়া এ আইনের লক্ষ্য শিশুদের অনলাইন বুলিং, ক্ষতিকর কনটেন্ট, যৌন শিকারি ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া। আইন অনুযায়ী, সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। তবে শিক্ষাসংশ্লিষ্ট ডিজিটাল সেবাগুলো এর বাইরে থাকবে।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেনও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও সেপ্টেম্বরে শিশুদের অনলাইন সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করতে পারে।
তবে সমালোচকেরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন এবং এতে অনলাইন গোপনীয়তার প্রশ্ন উঠতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর দাবি, তারা ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা চালু করেছে।






