সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (গভর্নমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম-জিপিএমএস) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মসম্পাদনের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এতে সিটি কর্পোরেশনের জিপিএমএস কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জিপিএমএস-এর উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয়, এ পদ্ধতির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন, কর্মসম্পাদনের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও ফলাফলভিত্তিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, নাগরিক সেবা উন্নয়নে জিপিএমএস কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। দক্ষ মানবসম্পদ, কার্যকর কর্মসম্পাদন মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, দক্ষ ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।
তিনি আরও বলেন, জিপিএমএস বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং সেবার মানোন্নয়নে এর কার্যকর প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ পদ্ধতির সফল বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিক সেবায় আরও গতি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।








