নারায়ণগঞ্জ । শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব খানের নতুন লুকে তোলপাড় নেটদুনিয়া !

ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই দর্শকদের জন্য নতুন চমক। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে রীতিমতো নেট–দুনিয়ায় ঝড়! এবার একটি দেড় মিনিটের বিজ্ঞাপনচিত্রে তাঁর ‘পাইলট’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপনটির জন্য তোলা পাইলটের লুকের কয়েকটি আলাদা ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন নায়ক। সেই ছবিগুলোতেই দেখা যায় সম্পূর্ণ অন্যরকম এক শাকিব খানকে; যা নিয়ে নেটমাধ্যমে তৈরি হয়েছে শোরগোল।

ছবিতে দেখা যায়, নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর লুক, পরিপাটি গেটআপ; চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গোঁফে যেন ভক্তদের নতুন করে মুগ্ধ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান!’

ছবিগুলো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন লুক ভাইরাল হয়ে যায় ফেসবুকে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ লিখেছেন, “এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” আরেকজনের মন্তব্য, “চলচ্চিত্রের পাইলট।”

জানা গেছে, এই পাইলট লুকটি একটি শীতকালীন প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য নেওয়া হয়েছে, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। এই বিজ্ঞাপনটিতে শাকিব খানকে কেবল পাইলট নয়, অভিনেতা, প্রফেসরসহ মোট ছয়টি ভিন্ন লুকে দেখা গেছে।

তবে ছবিগুলো দেখে বহু নেটিজেন বলেছেন, এগুলো নাকি এআই-নির্মিত! যদিও মেটা এআই কিংবা চ্যাটজিপিটি, কোনোটিই ছবিগুলোকে এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেনি।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও ব্যাপক আলোচনায় আছেন শাকিব খান। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়াই করবেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >