নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা ও থেরাপি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ফতুল্লার Kids Campus and Child Development Center-এ আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন এস. এম. ফয়েজ উদ্দিন।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক বিভিন্ন সামগ্রী।
অনুষ্ঠানে ইউএনও এস. এম. ফয়েজ উদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন এবং শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে।”








