নারায়ণগঞ্জে সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাকে এগিয়ে নিতে কথন সাহিত্যপত্রিকার ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন ২০২৬) বিকাল ৪:০০টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজবিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
নাদিয়াতুল কাশফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন রথিন চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক অমল আকাশ এবং কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক। আরও উপস্থিত ছিলেন জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।
আলোচনায় রথিন চক্রবর্তী বলেন, “কথনের ছায়াতলে গড়ে ওঠা এই উদ্যোগ যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে একটি উন্নত সমাজ নির্মাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কথনের এই সংগ্রাম অব্যাহত থাকুক।”
অমল আকাশ বলেন, “বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে কাজ করলেও আমাদের লক্ষ্য এক—একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। একটি দেশের পরিপূর্ণ বিকাশের জন্য উন্নত সংস্কৃতির দীর্ঘ যাত্রা প্রয়োজন। কথন সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচনা করেছে।”
সাদেকুল ইসলাম সাদিক বলেন, “বর্তমান অবক্ষয়ী সামাজিক বাস্তবতায়, যেখানে বহু ছাত্র-যুবক মাদক, পর্নোগ্রাফি, সন্ত্রাস, মব সংস্কৃতি, কিশোর গ্যাং ও অপসংস্কৃতির শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে ‘কথন’ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বোধ ও উন্নত আদর্শের চর্চা ছড়িয়ে দিতে কাজ করছে। পাঠচক্র, মনীষী স্মরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ‘কথন’ শিক্ষার্থীদের রুচিশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা কথনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
একটি নজরুলগীতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক, নাদিয়াতুল কাশফিয়া,







