নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরসহ বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলমান এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।
এসময় কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও যাচাই করেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করে দেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান পাবলিক পরীক্ষাগুলো নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এতে করে শিক্ষার্থীরা একটি স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।





