নারায়ণগঞ্জ । শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন: নতুন দালালচক্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দালাল

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামকে কেন্দ্র করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার নামে একটি প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ অনুযায়ী, ভবনাথপুর গ্রামের এক প্রবাসী যুবক—যিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন বলে জানা গেছে—ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, তিনি বিনামূল্যে (free of cost) বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন। বিশেষ করে যেসব শিক্ষার্থীর IELTS স্কোর ন্যূনতম ৬.০০, তাদের টার্গেট করে এই প্রস্তাব দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, প্রথমে “ফ্রি সার্ভিস” এর কথা বলে আস্থা অর্জন করা হলেও পরে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ইমেইল আইডি ও পাসওয়ার্ড নিয়েও নিয়ন্ত্রণে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শর্ত না মানলে বা অতিরিক্ত অর্থ না দিলে এসব তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়।

এক ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, “আমার ভাগিনার বিদেশে পড়াশোনার জন্য যোগাযোগ করি। শুরুতে ফ্রি বলে আশ্বাস দিলেও পরে নানা চাপ দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে। এখন যোগাযোগও ঠিকমতো করা যাচ্ছে না।”

এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবে ‘নতুন দালাল’ হিসেবে পরিচিতি পাওয়ার কথাও জানিয়েছেন অনেকে। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা সকলকে এমন প্রলোভনমূলক প্রস্তাব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >