সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে মুচলেকা নিয়ে চালক ও হেলপারকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জব্দকৃত জাটকা কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




