সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সাদিপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে স্থানীয় জনগণ, বিএনপি নেতাকর্মী ও মহিলা দলের নেত্রীদের অংশগ্রহণে বেলপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নানাখী ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে মাসুম ভূঁইয়ার জনপ্রিয়তা নষ্ট করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের দাবি, মাসুমের তৃণমূল জনসম্পৃক্ততা ও সক্রিয় ভূমিকার কারণেই প্রতিপক্ষ তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
মিছিলের আগে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের নেতা মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেব। তিনি জানান, সংগঠনের জনপ্রিয় নেতাকে হেয় করার চেষ্টায় তৃণমূল কখনোই নীরব থাকবে না।
বক্তারা আরো অভিযোগ করেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারের নেতৃত্বে আওয়ামী সমর্থিত একটি চক্র মাসুমের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে ঝাড়ু মিছিল করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে, যা সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূলের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বক্তারা বলেন, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে জনপ্রিয় নেতাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা সফল হবে না।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণেই মাসুমকে টার্গেট করা হচ্ছে। তারা বলেন, মানুষ এখন সচেতন- মিথ্যা প্রচারণা দিয়ে কাউকে ছোট করা যাবে না। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আল আমিন শাহ, কোষাধ্যক্ষ মাসুম মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শামসুল আলম শামসুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা একযোগে ঘোষণা দেন, মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে যে কোনো মিথ্যা প্রচারণা প্রতিহত করা হবে।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।






