নারায়ণগঞ্জ ।
,

ভুয়া RAB সদস্য পরিচয়ে প্রতারণা: সোনারগাঁয়ে দুইজন গ্রেফতার
উদ্ধার ৪টি RAB কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, আইডি কার্ড ও মোটরসাইকেল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া RAB সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে RAB-এর পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন—মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের RAB সদস্য হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে তাদের কাছে থাকা সরঞ্জাম যাচাই করে পুলিশ তাদের পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয় এবং গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪টি কালো রঙের RAB কটি, ২টি কালো রঙের ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ১টি RAB-এর আইডি কার্ড, ১টি Walton Android মোবাইল ফোন, ১টি Redmi Android মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং FZ-1 Version মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫) জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার মো. সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করছিলেন। অপর গ্রেফতার মো. সাজ্জাদ হোসেন সোহাগ গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >