নারায়ণগঞ্জ ।
,

কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না সওজ

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রডসহ বিভিন্ন অংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে প্রকাশ্যে এভাবে সরকারি সম্পদ চুরি হলেও বিষয়টি জানেন না ব্রিজটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


স্থানীয়দের অভিযোগ, একটি চক্র ব্রিজের ওয়াকওয়ের একাধিক স্লাব ভেঙে ভেতরে থাকা লোহার অংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ব্রিজের বিভিন্ন অংশ থেকে লোহা খুলে নেওয়া হচ্ছে। দিনের বেলাতেও ওয়াকওয়ের ভাঙা স্লাব দেখা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে চক্রটি ব্রিজের আরও অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশকে জানাচ্ছি।”


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “সওজের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। কারা এ কাজ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দ্রুত চুরি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত ওয়াকওয়ে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >