নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টি ঘরকে এ জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; বায়েজিদ পেশকার, কাঁচপুর রাজস্ব সার্কেল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নীতি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




