নারায়ণগঞ্জ ।
,

চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার আসামি শাহিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মো. মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. মোমিন (৪৫) দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলার দড়িকান্দি থেকে বাংলাবাজার সড়কে অটোরিকশা (মিশুক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার বাসিন্দা শাহিন (৪২) দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল।

গত ১৭ মে ২০২৬ দুপুরে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ড এলাকায় অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহিন মোমিনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে মোমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে এবং পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় ২০ মে ২০২৬ সকালে মোমিন মারা যান। এ ঘটনায় পূর্বে দায়ের হওয়া মারামারি ও চুরির মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) দীপংকর ঘোষ-এর তত্ত্বাবধানে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর নেতৃত্বে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মেঘনা থানা পুলিশের সহায়তায় একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন মামলার ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং আদালতে জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করেছেন। তাকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

তবে মামলার বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনগতভাবে দোষী বলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >