নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ জুন) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর ইকরাম উজ্জামনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মৃদুল হাসান আপন (১৯), মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা, ১টি সিএনজি অটোরিকশা, ১টি স্টিলের ধারালো চাপাতি এবং ১টি ধারালো দা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।




