সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ করা হয়েছে
বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিডি ক্লিন নারায়ণগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজ ও পরিবেশের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা জহিরুল ইসলাম ফারুকী বলেন, বৃক্ষ রোপনের উদ্যোগ পূণ্যের কাজ। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আল্লাহ উত্তম প্রতিদান দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোক্তার হোসেন, ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান এবং বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার কর্মকর্তা এমদাদুল হকসহ আরো অনেকে।




