নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁয়ে মেঘনা নদীতে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থী মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে নামার কিছুক্ষণ পর কায়েস ও মেরাজ নদীর গভীরে তলিয়ে যায়। তাদের সঙ্গীরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেলে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, সাত শিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >