নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সিদ্ধিরগঞ্জে এর আগে কেউ অফিস করেনি। বন্দরেও করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধিরগঞ্জে প্রতি সোমবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বসবো। পাঁচটার পরে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা চিহ্নিত করে এগুলো সমাধানের চেষ্টা করবো।
সোমবার (৩০ মার্চ) সিদ্ধিরগঞ্জ অফিসের কার্যক্রম শুরু করে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবেই সিদ্ধিরগঞ্জের আমার এ অফিসে আমি এসেছি। আমি বলেছি সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ সবাই সমান। সব জায়গায় আমরা সমান কাজ করবো। এক জায়গায় বেশি আরেক জায়গায় কম এমন না।
আমি প্রশাসক পাশাপাশি একটি দলের সভাপতি। আমি প্রশাসক হিসেবে এসেছি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন। আপনাদের কাছে অনুরোধ যে পরিবর্তনের কথা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি একমাসে যে সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর মাধ্যমে তিনি জনগণের চাহিদা পূরণ করছেন। আমিও জনগণের ও এলাকার মানুষের উন্নয়নকে প্রাধান্য দিব।
তিনি বলেন, আমরা চাই নারায়ণগঞ্জটা মাদক ও সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জে পরিনত হোক। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করবেন। আমি সকলকে এক চোখে দেখবো। এখানে আমার প্রতি কারও কোন অভিযোগ থাকলে আমার কাছে আসবেন। আমার ভুল হলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন।






