নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কের ফুটওভার ব্রিজে আগুন, যুবক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় হাতেনাতে ধরা পড়া রিয়াজ হোসেন (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে শিমরাইলের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ফুটওভার ব্রিজে এ নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফুটওভার ব্রিজে টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকটি ব্যানারে কেরোসিন ঢেলে আগুন ধরায় দুষ্কৃতিকারীরা। মুহূর্তেই আগুন পুরো ব্রিজজুড়ে ছড়িয়ে পড়লে আশপাশের পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এসময় রিয়াজ হোসেন নামে এক যুবককে ধাওয়া করে ধরে ফেলে জনতা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং রিয়াজকে থানা হেফাজতে নেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে রিয়াজ চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানায়—একজন অপরিচিত ব্যক্তি তাকে এক হাজার টাকার বিনিময়ে ব্যানারগুলোতে আগুন দিতে বলেন। তার সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি ব্যানারে কেরোসিন ঢেলে দেয় এবং রিয়াজ আগুন ধরিয়ে দেয়। তবে ওই সহযোগীর পরিচয় তিনি জানেন না বলে দাবি করেন।

এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন,“ফুটওভার ব্রিজে আমার ব্যানারে আগুন দেওয়ার সময় স্থানীয় একজন আমাকে ফোনে খবর দেন। একজনকে ধরতে সক্ষম হয়েছে। এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে আমার আরেকটি বিলবোর্ড খুলে নেওয়া হয়েছিল। কারা এসব করছে এখনো নিশ্চিত নই, তবে আমি তদন্ত দাবি করছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান,“আটক রিয়াজ আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। এক হাজার টাকার বিনিময়ে অপরিচিত ব্যক্তির নির্দেশে আগুন লাগিয়েছে বলে জানিয়েছে। তার সঙ্গে থাকা আরেকজন ব্যানারে কেরোসিন ঢেলে দেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ বলছে, নাশকতার পুরো পরিকল্পনা, পেছনের ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। শিগগিরই ঘটনার পেছনে থাকা চক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >