নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে এক নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডের জলকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া অভিমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন, অজ্ঞাত এক তরুণী (২৪), ছিটকে রাস্তায় পড়ে যান। মুহূর্তেই কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত আহত তরুণীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। তার সঙ্গী, মোটরসাইকেলচালকও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং কিছু সময়ের জন্য লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, সকালে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় তার পা বিচ্ছিন্ন হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি যানবাহনই জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, আহত নারী এখনো অচেতন অবস্থায় রয়েছেন, তার নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ওই লিংক রোডে প্রতিদিনই বেপরোয়া গতিতে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও ট্রাফিক তদারকির দাবি জানান।






