নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগ, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি ও হুমকি প্রদান এবং জোরপূর্বক বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম রাশেদ আহম্মেদ (৫৪)। তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও রোড, মণ্ডলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে একজন সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ। প্রতি লিটার অকটেনের মূল্য ১৪৫ টাকা হিসেবে ৫০০ লিটার জ্বালানি তেলের মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত জ্বালানি তেল বিনামূল্যে সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাশেদ আহম্মেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মেঘনা ডিপোতে সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমান নিজ অফিস কক্ষে অবস্থানকালে রাশেদ আহম্মেদ অনধিকারভাবে সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তিনি পুনরায় প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন। কর্মকর্তা এতে অস্বীকৃতি জানালে আসামি ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের এসও রোড, মণ্ডলপাড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ভয়ভীতি, চাপ প্রয়োগ বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে কি না, তা মামলার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >