নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. শাহিন (২৭), পিতা মো. মুছা মিয়া, মাতা মোছা. শাহিদা বেগম। তার স্থায়ী ঠিকানা সোনারগাঁও থানার গিরদাইন এলাকায় এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি উত্তরপাড়া এলাকায় বসবাস করেন। দ্বিতীয়জন মো. মেহেদী হাসান (২১), পিতা মো. জসিম উদ্দিন, সাং-গোদনাইল নয়াপাড়া লেকপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তৃতীয়জন মো. রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মৃত ফজলুল হক, সাং-গোদনাইল নয়াপাড়া লেকপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোদনাইল নয়াপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি, সরবরাহকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।






