সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়ালের মাধ্যমে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়।
পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আটক দুজনকে সাজা প্রদান করা হয়।
আদালত মো. শাহপরান (৪২)-কে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অপরদিকে বাবু (৩০)-কে ২০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকেও আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।






