নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজারে সিরাজের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ সজীব (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, ১৭ আগস্ট সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কান্দাপাড়া এলাকার বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মোঃ রুবেল হোসেন (৩৫) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৫০) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



